উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে আবারও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন উভয় পক্ষের শুনানি শেষে দ্বীপের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে দ্বীপকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে দ্বীপের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং হত্যায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তবে শুনানি শেষে আদালত সাত দিনের পরিবর্তে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ২৯ অক্টোবর রাতে মোহাম্মদপুর এলাকা থেকে দ্বীপকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন রাতে তাহসিফের বাবা মামলা দায়ের করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ৩১ অক্টোবর তাঁকে প্রথম দফায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।মামলার এজাহার অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দ্বীপের ডাকে বাসার নিচে নেমে মোটরসাইকেল নিয়ে বের হন তাহসিফ। পরে একটি রেস্তোরাঁয় দ্বীপ, তাহসিফ ও দিশা একসঙ্গে রাতের খাবার খান। এরপর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান দ্বীপ।দ্বীপের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া মাদকস্পট হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথাও স্বীকার করেছেন তিনি।অন্যদিকে, এ মামলায় গ্রেপ্তার তাহসিফের বান্ধবী জেরিকা তাসনিম দিশার (১৯) রিমান্ডও বাড়ানো হয়েছে। বুধবার তাঁকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের কারণে আলোচনায় আসা তাহসিফ সাউরির মরদেহ গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ।