উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের দাম বাড়ায় দেশের বাজারেও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। নভেম্বর মাসের জন্য ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত অক্টোবর মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে দাম বেড়েছে ২২৩ টাকা।সোমবার সন্ধ্যায় নতুন মূল্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি। ওই দিন রাত ৮টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নভেম্বর মাসে বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সা। সে অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা।এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফলে দুই মাসে এই সিলিন্ডারের দাম মোট ৪৭৫ টাকা বৃদ্ধি পেল।বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজি উৎপাদনের প্রধান কাঁচামাল প্রোপেন ও বিউটেনের মূল্যবৃদ্ধির কারণে নভেম্বর মাসে দেশে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সৌদি আরামকোর ঘোষণা অনুযায়ী, নভেম্বরের জন্য প্রতি মেট্রিক টন প্রোপেনের দাম ৭২০ মার্কিন ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলার নির্ধারিত হয়েছে।প্রোপেন ও বিউটেনের মিশ্রণের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সৌদি চুক্তিমূল্য হিসাব করা হয়েছে প্রতি মেট্রিক টন ৭৫৯ ডলার। পাশাপাশি এলপিজি আমদানির জাহাজভাড়া ও ব্যবসায়ীদের প্রিমিয়াম বাবদ প্রতি মেট্রিক টনে ২৫০ ডলার এবং ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ৪৬ পয়সা বিবেচনায় নেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে সৌদি চুক্তিমূল্য প্রতি মেট্রিক টনে গড়ে ৪৬ দশমিক ৫০ ডলার বেড়েছে। এর ফলে মূসকসহ ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৭৪ টাকা বাড়ার কথা। তবে কমিশনের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী খুচরা পর্যায়ে আগের মাসের তুলনায় সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ২২৩ টাকা।এদিকে সরকারি এলপিজির দামও পুনর্নির্ধারণ করেছে বিইআরসি। এলপি গ্যাস পিএলসি সরবরাহ করা ১২ দশমিক ৫০ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৬০ টাকা।এ ছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা তরল এলপিজির দাম প্রতি কেজি ১৬৫ টাকা ৮৫ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় প্রতি ঘনমিটারের দাম ৩৬৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে কমিশন।বিইআরসি জানায়, গত ২৯ অক্টোবর প্রস্তাবকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়। সবার প্রস্তাব ও তথ্য পর্যালোচনা এবং বিশ্লেষণের পর নভেম্বর মাসের জন্য নতুন মূল্যহার ঘোষণা করা হয়েছে।