উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ পরিকল্পনার কথা জানান। তাঁর এ মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আয়োজিত ওই সমাবেশে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ করা হতে পারে। এর আগে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এই প্রণালির নামও বদলানো সম্ভব।নিজের বক্তব্যকে নিছক রসিকতা হিসেবে না নেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, ইতিমধ্যে একটি উপসাগরের নাম পরিবর্তন করা হয়েছে, একটি হ্রদও রয়েছে; এবার হয়তো একটি প্রণালির নামও পরিবর্তন করা হবে। মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ করার প্রস্তাব দেওয়ার সময়ও অনেকে বিষয়টিকে হাস্যরস হিসেবে নিয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়নের কথা তুলে ধরে নিজের নতুন প্রস্তাবের বিষয়েও গুরুত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট।সমাবেশে হরমুজ প্রণালির নাম পরিবর্তনের প্রসঙ্গের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং আন্তর্জাতিক জ্বালানি বাজার নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, সাত মাস আগের তুলনায় বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে অনেক বেশি অপরিশোধিত তেল পরিবাহিত হচ্ছে।ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ট্রাম্পের পূর্বাভাস, সংকটের অবসান হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমবে। এর প্রভাব পড়বে সাধারণ পেট্রল ও গ্যাসোলিনের বাজারেও।প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ভৌগোলিক বিভিন্ন স্থান ও জলাশয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়ে আলোচনায় রয়েছেন ট্রাম্প। এর আগে নির্বাহী আদেশে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করার পদক্ষেপ নেন তিনি। একইভাবে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘আমেরিকা হ্রদ’ রাখার কথাও উল্লেখ করেছেন ট্রাম্প।সূত্র: তাস