উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ফুটবল মাঠে উত্তেজনার মুহূর্তে প্রতিপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো নতুন কিছু নয়। তবে কথা বলার সময় মুখ ঢেকে রাখার কারণে এবার বড় শাস্তির মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ লঙ্ঘনের দায়ে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালতের (এসটিজেডি) শৃঙ্খলা কমিটি।আজ শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে নেইমারের ক্লাব সান্তোসের।ঘটনাটি ব্রাজিলিয়ান লিগের ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার মধ্যকার ম্যাচের। দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার। একপর্যায়ে নিজের হাত দিয়ে মুখ ঢেকে কথা বলেন সান্তোসের এই তারকা। এ ঘটনায় ‘ভিনি জুনিয়র আইন’ হিসেবে পরিচিত নিয়ম অনুযায়ী তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।তবে লাল কার্ড দেখেও শান্ত হননি নেইমার। ম্যাচের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী, নেস্তরের মুখোমুখি হতে তিনি বাহিয়ার বেঞ্চের দিকে ছুটে যান। এতে মাঠে উত্তেজনা আরও বেড়ে যায়।এ ঘটনার পর ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারায় নেইমারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করাকে এ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। শৃঙ্খলা কমিটির মতে, নেইমারের আচরণ ফিফার শৃঙ্খলাবিধিতে থাকা ‘ভিনি জুনিয়র প্রটোকল’-এর ৭ নম্বর বিধানের পরিপন্থী।মূলত বর্ণবাদী মন্তব্য বা আপত্তিকর কথাবার্তা আড়াল করার উদ্দেশ্যে মুখ ঢেকে কথা বলার প্রবণতা ঠেকাতেই এ নিয়ম চালু করা হয়েছে।নেইমারের শাস্তি আরও বেড়েছে আগের সিদ্ধান্তের কারণে। সরাসরি লাল কার্ড দেখায় নিয়ম অনুযায়ী একটি ম্যাচে নিষিদ্ধ ছিলেন তিনি। এর সঙ্গে নতুন করে দুই ম্যাচের নিষেধাজ্ঞা যুক্ত হওয়ায় সব মিলিয়ে সান্তোসের পরবর্তী তিন ম্যাচে মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।এই নিষেধাজ্ঞার কারণে নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার পরও একটি রাউন্ডে দলের বাইরে থাকতে হবে নেইমারকে। তবে লিগের শেষ তিন রাউন্ডে তাকে আবারও দলে পাওয়ার আশা করছেন সান্তোসের কোচ কুকা।