উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
কক্সবাজারের হিমছড়ি সৈকতে বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী এসএম নাফিসুর রহমান নিবিড়ের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সাগরে ভেসে যাওয়া পাঁচ পর্যটকেরই মরদেহ উদ্ধার করা হলো।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কক্সবাজারের কলাতলী ভাঙার মোড় এলাকার সৈকতে জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে। পরে স্থানীয় বাসিন্দা ও সৈকতে নিয়োজিত উদ্ধারকারী দলের সদস্যরা সেটি উদ্ধার করেন।নিহত নাফিসুর রহমান নিবিড় রাজধানীর আজিমপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকা থেকে আসা একদল পর্যটক হিমছড়ির পেঁচারদ্বীপ জাদুঘরসংলগ্ন সৈকতে সাগরে গোসল করতে নামেন। এ সময় উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের টানে তারা সাগরে ভেসে যান।ঘটনার দিনই উদ্ধারকারীরা তিনজনের মরদেহ উদ্ধার করেন। তবে তখনও নিখোঁজ ছিলেন আরও দুই পর্যটক। পরে বৃহস্পতিবার সকালে হারুন নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ সন্ধ্যায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিবিড়ের মরদেহ উদ্ধার হওয়ায় পাঁচ পর্যটকের সবার মরদেহ উদ্ধার সম্পন্ন হয়।কক্সবাজারের কলাতলী ও হিমছড়ি এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন এবং ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।