উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে এক দম্পতির কাছ থেকে দুটি আইফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মানিক মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আগে থেকেই তিনটি ছিনতাইয়ের মামলা রয়েছে।বুধবার (২১ অক্টোবর) বিকেল পৌনে ৪টা থেকে ৪টার মধ্যে মোহাম্মদপুর থানার ৪ সলীমুল্লাহ রোডের ৭ নম্বর বাড়ির সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ছিনতাই হওয়া আইফোন দুটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২০ থেকে ২৫ বছর বয়সী চার যুবক একটি অটোরিকশায় করে ঘটনাস্থলে আসে। তাদের হাতে ছিল চাপাতি। একপর্যায়ে তারা এক তরুণ ও তরুণীর কাছ থেকে দুটি আইফোন ছিনিয়ে নেয়।এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা চাপাতি দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে। পরে তারা অটোরিকশায় করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কেউ শারীরিকভাবে আহত হননি বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে মোহাম্মদপুর থানার একাধিক দল অভিযান শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চালানো হয়।পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে ভুক্তভোগী হিসেবে মাসফিকুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। তিনি অস্ট্রিয়ায় অধ্যয়নরত। তার স্ত্রী আয়েশা নিগার মিথিলা ফার্মেসি বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তারা মোহাম্মদপুরের নূরজাহান রোডের ডি-ব্লকের একটি বাসায় বসবাস করেন বলে জানা গেছে।