উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইসরায়েলে গোপন সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকের খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হেগসেথের এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও কঠিন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি।তবে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এ বিষয়ে অ্যাক্সিওসের প্রতিবেদন সম্পর্কে আল জাজিরার প্রশ্নের জবাবে পেন্টাগনের একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হেগসেথ জানান, মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় সফর করেছেন। এই কমান্ডের দায়িত্বাধীন অঞ্চলের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং এশিয়ার কয়েকটি অংশ।ইসরায়েলের আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের মরুভূমিতে অবস্থিত একটি বিমানঘাঁটিতে নেতানিয়াহুর সঙ্গে হেগসেথের বৈঠক অনুষ্ঠিত হয়।এদিকে, ইসরায়েলের আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এটিই ইসরায়েলের প্রথম সংসদ নির্বাচন। গাজায় ইসরায়েলের অভিযানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে ভূমিকা রাখার জন্য নেতানিয়াহুর প্রশংসা করেছেন ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি নিজের ‘পূর্ণাঙ্গ ও নিঃশর্ত সমর্থন’ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।সূত্র: অ্যাক্সিওস, আল জাজিরা