উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৯ দিনে প্রাণ হারিয়েছেন ১১২ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়।বুলেটিনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৩৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৬১৭ জনে।এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪১৫ জন। সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩১৬ জন।বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬৩৮ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ১৯১ জন, খুলনায় ১৪১ জন, রাজশাহীতে ১২৮ জন, চট্টগ্রামে ১০৫ জন, ময়মনসিংহে ৮০ জন এবং রংপুরে ৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর