উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় আকস্মিক অভিযান চালিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) পরিচালিত এ অভিযানে মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে।অভিযানকালে এলাকাবাসীর উদ্দেশে ইশরাক হোসেন বলেন, এলাকায় যারা মাদক বিক্রি করে, ঢাকা-৬ আসনে তাদের কোনো জায়গা হবে না। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন ঘটানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাদক কারবারিদেরও ছাড় দেওয়া হবে না। তারা যে দলেরই হোক না কেন, এমনকি নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলেও তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।মাদকাসক্তির কারণে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গত ছয় মাস ধরে গোয়েন্দাদের মাধ্যমে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যারা বাইরে থেকে এসে এলাকায় মাদক সরবরাহ করে, তাদের আটক করতে সহযোগিতাকারীদের যথাযথ মূল্যায়ন করা হবে।তিনি আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকা থেকে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এ অভিযান চালানো হবে এবং বাংলাদেশে মাদক কারবারের কোনো সুযোগ রাখা হবে না।অভিযানের সময় আটক ব্যক্তিরা ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে হাতজোড় করলে ইশরাক হোসেন তাঁদের আশ্বস্ত করেন। তিনি বলেন, তাঁদের গায়ে কেউ হাত দেবে না এবং মারধর করার জন্য অভিযান চালানো হয়নি। তাঁদের থানায় নেওয়া হবে, এরপর পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। বিচারপ্রক্রিয়ার মাধ্যমে তাঁদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতাও চেয়েছেন তিনি।এ বিষয়ে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দেন। পরে থানা থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে আসেন।ওসি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।