উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ভারতের বিহারের একটি মেডিকেল কলেজ হাসপাতালে বসেছিল মদ্যপানের আসর। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফুটেজে হাসপাতালের তিন নারী পরিচ্ছন্নতাকর্মী ও এক যুবককে মদ্যপান করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, বিহারের দ্বারভাঙা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে তিন নারী পরিচ্ছন্নতাকর্মীর পাশাপাশি এক যুবককে মদ্যপান করতে দেখা যায়। ওই যুবক হাসপাতালের ট্রলি অপারেটর বলে ধারণা করা হচ্ছে।সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাসপাতালের সিঁড়ির ল্যান্ডিংয়ে মেঝেতে বসে তিন নারী কর্মী মদ্যপানের প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণ পর কালো জামা পরা এক যুবক সেখানে এসে তাঁদের সঙ্গে যোগ দেন। পরে চারজনকেই গ্লাস হাতে মদ্যপান করতে দেখা যায়।ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাসপাতাল প্রশাসন ও পুলিশের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। এ ঘটনায় পুলিশ একটি এফআইআর দায়ের করেছে।উল্লেখ্য, ভারতের বিহার রাজ্যে মদ নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মদ্যপানের অভিযোগ ঘিরে প্রশাসনিক মহলেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘আই পুষ্কর_বিস্ত’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে এক নেটিজেন লিখেছেন, স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। তাঁদের কাজের সঙ্গে রোগীদের নিরাপত্তা ও সেবার মান সরাসরি জড়িত। তাই দায়িত্ব পালনের সময় হাসপাতালের নিয়ম মেনে চলা এবং কর্মক্ষেত্রে পেশাদারত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি।