উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ‘নতুন ভিসি প্রত্যাখ্যান’সহ বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য ভবনের সামনে শিক্ষার্থীদের জড়ো হয়ে আন্দোলন করতে দেখা যায়। এ সময় তাঁরা ‘আমাদের দাবি মানতে হবে’ এবং ‘প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান—নতুন ভিসি প্রত্যাখ্যান’সহ বিভিন্ন স্লোগান দেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন উপাচার্যের ক্যাম্পাসে আসার খবর পেয়ে সকাল সাড়ে ৯টা থেকে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে কার্যালয় ছেড়ে চলে যাওয়ার জন্য সময় বেঁধে দেন তাঁরা। নির্ধারিত সময় পার হওয়ার পর ভবনের প্রবেশপথে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ ছাড়া ভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার কথাও জানিয়েছেন আন্দোলনকারীরা।আন্দোলনরত শিক্ষার্থীদের একজন, যন্ত্রকৌশল বিভাগের ছাত্রী মাহিরা তাজরীন বলেন, উপাচার্য শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে ভবনে প্রবেশ করেছিলেন। তাঁরা আগে থেকেই তাঁকে চলে যাওয়ার জন্য আলটিমেটাম দিয়েছিলেন। কিন্তু তিনি তা না মানায় আবারও ভবনে তালা দেওয়া হয়েছে।এদিকে, তালাবদ্ধ ভবনের ভেতরে উপাচার্যের সঙ্গে আটকা পড়েছেন চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদসহ সংগঠনটির কয়েকজন নেতাকর্মী। এ বিষয়ে ওয়াসিফ রাশেদ বলেন, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সকালে ফুল নিয়ে উপাচার্যের কাছে যাওয়ার সময় ছাত্রদলের এক নেতাকে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য ক্যাম্পাসে পৌঁছানোর কিছুক্ষণ পর শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন ফুল ও খাবার নিয়ে তাঁর কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁকে বাধা দেন। একপর্যায়ে তাঁর কাছ থেকে ফুল ও খাবার নিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে।গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন।আন্দোলনের কারণে এত দিন ক্যাম্পাসে যেতে পারেননি নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। তবে সোমবার সকালে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের তালা ভেঙে নিজের কার্যালয়ে প্রবেশ করেন তিনি।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, একটি হাইয়েস মাইক্রোবাসে করে ক্যাম্পাসে পৌঁছান উপাচার্য। এ সময় তিনি ফটকে নিজেকে শিক্ষক পরিচয় দিয়ে প্রবেশ করেন। পরে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের প্রবেশপথে লাগানো তালা ভেঙে নিজের দপ্তরে যান।সকালে উপাচার্যের কার্যালয়ে গিয়ে তাঁর নির্ধারিত চেয়ারে বসে থাকতে দেখা যায় অধ্যাপক শেখ শরীফুল আলমকে। এ সময় তাঁর কক্ষে উপস্থিত ছিলেন চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত এবং সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন। একসঙ্গে কার্যালয়ে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত।নতুন উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।