উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় করা দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।এর মধ্যে হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করে গত ২৭ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম খলিল।এই মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনসহ অনেকে।মামলাটিতে কামরুল ইসলাম, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ তিনজন কারাগারে রয়েছেন। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন তোলারাম কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান প্রান্ত ও নাদিম। ওই সময় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলির ঘটনা ঘটে। গুলিতে প্রান্ত নিহত হন এবং নাদিম আহত হন। পরে নাদিমের করা মামলায় শেখ হাসিনাসহ ৯৪ জনকে আসামি করা হয়।অন্যদিকে, যাত্রাবাড়ী থানার রাজমিস্ত্রি মো. বাবুল মৃধা হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে গত ১৩ আগস্ট অভিযোগপত্র দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান ইরফান এ অভিযোগপত্র দাখিল করেন।এই মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাছান মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, এস এম শাহজাদা, মহিউদ্দিন মহারাজ, পঙ্কজ দেবনাথ, সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও হাবিবুর রহমানসহ অনেকে।এই মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) শুনানি হওয়ার কথা রয়েছে।মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ীর দনিয়া ও লাকি কমিউনিটি সেন্টার এলাকায় আন্দোলনে অংশ নেওয়া ছেলে আবু তালেবকে খুঁজতে বাড়ি থেকে বের হন তার বাবা বাবুল মৃধা। লাকি কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে তিনি গুলিবিদ্ধ হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রায় এক মাস চিকিৎসার পর তাকে বিজিবি হাসপাতালে এবং পরে ২২ আগস্ট সিএমএইচে নেওয়া হয়। গুলিবিদ্ধ হওয়ার ৫২ দিন পর ৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ ঘটনায় বাবুল মৃধার স্ত্রী সীমা বেগম ২০২৪ সালের ১৯ নভেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় কাজী মনিরুল ইসলাম মনু, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ তিনজন কারাগারে রয়েছেন। এছাড়া আটজন জামিনে এবং অন্য আসামিরা পলাতক রয়েছেন।