উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ধারণা, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর সংঘাতের অবসান ঘটতে পারে।আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যতটা সম্ভব যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে, যাতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন জটিল হয়ে ওঠে। তবে মার্কিন জনগণ বিষয়টি বুঝতে পারছে বলেও মন্তব্য করেন তিনি।ট্রাম্প বলেন, “আমার মনে হয় খুব শিগগিরই (যুদ্ধ শেষ হবে)। সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরেই।”যুদ্ধ শেষ হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষায়, “যখন সেটা ঘটবে, তখন তেলের দাম হুড়মুড় করে নিচে নেমে আসবে।”ট্রাম্পের এ বক্তব্যের পর ইরান যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে তার প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ব্যক্তিগত আলোচনায় ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন।বিশ্লেষকদের মতে, সংঘাতের মেয়াদ শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলছে। যুদ্ধ দীর্ঘ হলে তেল সরবরাহ ও পরিবহনে ঝুঁকি বাড়তে পারে। অন্যদিকে সংঘাত দ্রুত শেষ হলে সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং ঝুঁকি কমার কারণে তেলের দামও কমতে পারে।তবে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরই যুদ্ধ শেষ হবে—এমন কোনো নিশ্চয়তা এখনো নেই। যুদ্ধের অবসান নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা বা আনুষ্ঠানিক ঘোষণাও আসেনি। ফলে ট্রাম্পের বক্তব্যকে আপাতত তার নিজস্ব রাজনৈতিক ও কূটনৈতিক মূল্যায়ন হিসেবেই দেখা হচ্ছে।তথ্যসূত্র: আল-জাজিরা