উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টা পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯)।শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এসব তথ্য জানান।ওসি জানান, শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী জড়ো হন। পরে তারা সেখানে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন।পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।এ সময় মিছিলে অংশ নেওয়া আরাফাত ও আব্দুর রহিমকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।ওসি দাউদ হোসেন বলেন, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।তিনি আরও জানান, বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।