উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালত কর পরিশোধ না করার বিষয়ে দায়ের করা রিটের রুল খারিজ করে এ নির্দেশ দেন। রায়ের ফলে তিন অর্থবছরের কর বাবদ গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা দিতে হবে।মামলার নথি অনুযায়ী, এনবিআরের কর দাবির বিরুদ্ধে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট দায়ের করে। প্রাথমিক শুনানি শেষে আদালত এ বিষয়ে রুল জারি করেছিলেন।এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন হাইকোর্ট।ওই সময় বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রায়টি প্রত্যাহার করেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত গ্রামীণ কল্যাণের কর দাবি নিয়ে মামলাটি পুনরায় শুনানি হয়।বৃহস্পতিবার নতুন বেঞ্চ রিটের রুল খারিজ করে দেন। ফলে গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর বাবদ ৬৬৬ কোটি টাকা আদায়ের ক্ষেত্রে এনবিআরের আর কোনো আইনি বাধা থাকল না।