উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ কিংবা ইউরোপীয় পর্যায়ে এমন নিষেধাজ্ঞাকে সমর্থনের ঘোষণা দিয়েছে ১২টি দেশ। এ তালিকায় রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ইউরোপের আরও কয়েকটি দেশ।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগকেও সমর্থন করা হবে।বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে ইসরায়েল সরকারের বিভিন্ন কর্মকাণ্ড দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্রমেই দুর্বল করে দিচ্ছে। এ পরিস্থিতিতে অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছে দেশগুলো।ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া ১২ দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও সুইডেন।এর আগে মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড পার্লামেন্টে জানান, অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাজ্য। একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কানাডা ও ফ্রান্সও।এ ছাড়া ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল ও সুইডেন এই উদ্যোগকে সমর্থন করবে বলে জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।মিলিব্যান্ড বলেন, অবৈধ বসতি সম্প্রসারণের বিরুদ্ধে আরও বিস্তৃত নিষেধাজ্ঞা কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হবে। শুধু পরিস্থিতির নিন্দা না জানিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি।তিনি আরও বলেন, পশ্চিম তীরে চলমান পরিস্থিতি এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নষ্ট হওয়ার আশঙ্কার সামনে যুক্তরাজ্য নীরব দর্শক হয়ে থাকবে না।পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করে। তবে ইসরায়েল এই আইনি অবস্থান প্রত্যাখ্যান করে আসছে।