উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইরানের পারমাণবিক ইস্যু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার যেকোনো উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে ইরানও প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবে।সোমবার নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক প্রতিবেদনের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের সমালোচনা করেন বাঘাই।ইরানি মুখপাত্রের অভিযোগ, পশ্চিমা দেশগুলো নিজেদের রাজনৈতিক লক্ষ্য পূরণে ব্যর্থ হলে আইএইএ এবং এর মহাপরিচালকের ওপর নির্ভর করে। তিনি দাবি করেন, কূটনৈতিকভাবে কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পর সংস্থাটিকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।প্রস্তাবিত পদক্ষেপের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন বাঘাই। তাঁর মতে, পশ্চিমা দেশগুলো ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে জাতিসংঘের আগের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল হয়েছে বলে দাবি করছে। অথচ একই সময়ে ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়ার উদ্যোগ তাদের ওই দাবির সঙ্গে অসঙ্গতিপূর্ণ।বাঘাই বলেন, বর্তমান পরিস্থিতি বরং ইরান, রাশিয়া ও চীনের দীর্ঘদিনের অবস্থানকে আরও জোরালো করছে। এই তিন দেশই শুরু থেকেই ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থার বৈধতা ও কার্যকারিতা নিয়ে আপত্তি জানিয়ে আসছে।এদিকে ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির ভূমিকারও সমালোচনা করেন বাঘাই। তাঁর ভাষ্য, ইউরোপের এই তিন দেশের অবস্থান বিশ্বাসযোগ্য নয় এবং তাদের বিভিন্ন দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএ-এর প্রবেশাধিকার সীমিত থাকার বিষয়টিও আলোচনায় আনেন তিনি। বাঘাই এ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে এবং পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের সুযোগ বাধাগ্রস্ত হয়েছে।তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত করার পর এখন আইএইএ-এর মাধ্যমে চাপ তৈরির চেষ্টা করছে। ইরানি মুখপাত্রের মতে, এ ধরনের উদ্যোগ উত্তেজনা কমানোর পরিবর্তে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।বাঘাই স্পষ্ট করে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো নতুন পদক্ষেপ নেওয়া হলে তার জবাব দেওয়ার বিষয়টি তেহরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।সংবাদ সম্মেলনে একটি ফার্সি প্রবাদ উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন, ইতোমধ্যে ব্যর্থ কোনো কৌশল পুনরায় প্রয়োগ করা উচিত নয়। তাঁর বক্তব্যে ইরান যে পারমাণবিক ইস্যুতে নতুন কোনো আন্তর্জাতিক চাপ সহজভাবে মেনে নেবে না, সেই বার্তাই উঠে এসেছে।