উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী ও তার বাবা-মাকে নিয়ে অশালীন ভাষায় কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।সিফাতের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি বলেন, তারা সিফাতের জামিন চেয়েছিলেন। তবে আদালত আবেদনটি নামঞ্জুর করেছেন।তিনি দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সিফাতের বক্তব্য বা গালাগালের যে অভিযোগ নিয়ে আলোচনা হচ্ছে, তা মামলার এজাহারে উল্লেখ নেই। শুনানিতেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ বিষয়ে কোনো বক্তব্য দেননি বলে জানান তিনি।আইনজীবী আরও বলেন, গত ৪ জুনের একটি মামলায় সিফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলার সঙ্গে সিফাতের কোনো সম্পর্ক নেই দাবি করে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।অন্যদিকে মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তার দাবি, সিফাত ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন। শুনানি শেষে আদালত আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করেছেন।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান দাবি করেন, সিফাত আব্দুল্লাহ এনসিপির সক্রিয় কর্মী এবং বিগত সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে সিফাতকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা। পরে তাকে থানায় নেওয়া হয়। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।এরপর সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে গত ৪ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এদিকে সিফাতের করা অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত করে ভিন্ন চিত্র পাওয়ার কথা জানিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।সিফাত তার একটি ভিডিওতে দাবি করেছিলেন, গত দুই মাসে তাকে প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হয়েছে। এ নিয়ে ফেসবুক স্ট্যাটাসেও তিনি প্রশ্ন তোলেন।অভিযোগের পর গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিস বিষয়টি তদন্ত করে। উপমহাব্যবস্থাপক মো. আহসান কবীরের সই করা প্রতিবেদনে বলা হয়েছে, সিফাতের বাবা মো. সেকান্দার আলীর নামে গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত দোতলা বাড়িটিতে তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার রয়েছে।তদন্ত অনুযায়ী, চলতি বছরের মে থেকে আগস্ট পর্যন্ত চার মাসে ওই তিনটি মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে। এর বিপরীতে মোট বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।