উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি বাহিনীর হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর তথ্যের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।স্থানীয় সূত্রগুলো বলছে, নাবাতিয়েহ আল-ফাওকা, আরসালিম, কাফর রুম্মানসহ আশপাশের কয়েকটি এলাকায় হামলা চালানো হয়। হামলার পর হতাহতদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছাতে বাধা দিতে নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে বলেও অভিযোগ উঠেছে।এর আগে আরসালিমের একটি ভবন ও আশপাশের এলাকার বাসিন্দাদের অন্তত ৩০০ মিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী।ইসরায়েলি বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ দুটি বিস্ফোরকবাহী ড্রোন পাঠানোর পর এসব হামলা চালানো হয়। এর মধ্যে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার কথাও জানিয়েছে তারা। এ ঘটনায় কোনো ইসরায়েলি সেনা হতাহত হয়নি বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ইসরায়েলি হামলায় ৪ হাজার ৩৫৪ জন নিহত এবং ১২ হাজার ৩২৫ জন আহত হয়েছেন।নাবাতিয়েহ ও আলি আল-তাহের পাহাড় এলাকায় সাম্প্রতিক উত্তেজনা ও সংঘর্ষের মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল। এর আগে ইসরায়েল দাবি করেছিল, ওই এলাকায় হিজবুল্লাহর ভূগর্ভস্থ অবস্থান থেকে যোদ্ধাদের সরিয়ে দেওয়া হয়েছে।সূত্র: শাফাক নিউজ এজেন্সি