উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার স্ত্রীকে বহনকারী গাড়ি বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়েছে। জয়পুরহাটে দুই দিনের সরকারি সফরে যাওয়ার পথে এক পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের ফসলের মাঠে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন। তার স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন।বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশ্যে জয়পুরহাটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা প্রতিমন্ত্রীকে উদ্ধার করে সড়কের ওপর নিয়ে আসেন। পরে তাকে কালাই পৌর শহরের নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। দুর্ঘটনায় গাড়িচালকও আহত হয়েছেন।প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, গাড়িটি সড়ক থেকে ফসলের মাঠে পড়ে গিয়ে একপর্যায়ে স্থির হয়ে যায়। এতে তিনি হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছেন। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে তারা রক্ষা পেয়েছেন।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় এক পথচারীকে এড়াতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আহত হওয়ার পাশাপাশি এক নারী পথচারী গুরুতর আহত হন।আহত পথচারীর মৃত্যুএ দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী ফিরোজা বেগম (৫৫) পরে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ফিরোজা বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ফিরোজা বেগমের মরদেহ বর্তমানে হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। তার পরিবারের সদস্যরা হাসপাতালে অবস্থান করছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।