উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আবারও শীর্ষ বৈঠকে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তিচুক্তির দিকে রাশিয়াকে এগিয়ে যেতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি।স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পুতিনও নতুন করে বৈঠকে বসতে আগ্রহী হতে পারেন বলে তিনি মনে করেন। তবে বৈঠকের জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে চান তিনি।ট্রাম্প বলেন, পুতিন বৈঠকে রাজি হলে তিনিও রাজি আছেন। তবে শান্তিচুক্তির জন্য যখন উভয় পক্ষ প্রস্তুত থাকবে, তখনই তিনি বৈঠকটি করতে চান।মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ও ইউক্রেন—দুই দেশের সঙ্গেই যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক থাকা উচিত। তার মতে, উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের জন্যও লাভজনক হতে পারে।পুতিনের সঙ্গে বৈঠক দ্রুত আয়োজন করা সম্ভব হলেও যুদ্ধ শেষের দিকে এগিয়ে যাওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করতে চান বলে জানান ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর্যায়ে গেলেই তিনি এমন বৈঠকে বসতে চান এবং তার বিশ্বাস, শেষ পর্যন্ত সেখানে পৌঁছানো সম্ভব হবে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের আগের অবস্থানও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, এই যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না। তার দাবি, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পুনর্নির্বাচিত হলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হতো না।ট্রাম্প আরও বলেন, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত তার প্রথম মেয়াদে তিনি পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। সে সময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার কোনো সম্ভাবনা ছিল না বলেও দাবি করেন তিনি।তার ভাষ্য, নিজের মেয়াদ শেষ হওয়ার পর পরিস্থিতি যুদ্ধের দিকে যেতে পারে—এমন আশঙ্কা তিনি আগে থেকেই করেছিলেন। বর্তমান পরিস্থিতিকে তিনি ‘পাগলামি’ বলেও মন্তব্য করেন।পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র বিরোধের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ধীরে ধীরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাবে, যখন যুদ্ধের একটি সমাধানের জন্য উপযুক্ত সময় তৈরি হবে।