উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলীর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রংপুর কেন্দ্রীয় কারাগারে যায়। সেখানে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।এর আগে সোমবার রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী কারাগারে থাকা দুই আসামির তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক রফিকুল ইসলাম দুজনকে তিন দিনের মধ্যে যেকোনো দুই দিন, প্রতিদিন তিন ঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ বলেন, চার খুনের ঘটনাটি অত্যন্ত রোমহর্ষক। মামলাটি নিয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করছে। তিনি বলেন, তদন্তকারীরা রহস্য উদঘাটনের দ্বারপ্রান্তে রয়েছেন। তবে তদন্তাধীন হওয়ায় এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।তিনি আরও বলেন, মঙ্গলবার জেলগেটে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার রহস্য উদঘাটনে সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে তদন্ত শেষ করা হবে।উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বন্ধু সীমান্ত দাস এবং দখিগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ মোহন্ত আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।