উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা সফল না হলেও আক্রমণভাগ শক্তিশালী করতে বিকল্প পথে হাঁটছে বার্সেলোনা। আলভারেজের পরিবর্তে এবার আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুসকে দলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কাতালান ক্লাবটি।জেসুসকে পেতে বার্সেলোনাকে প্রায় এক কোটি ইউরো খরচ করতে হচ্ছে বলে জানা গেছে। দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়া এখন সময়ের ব্যাপার। দলবদলটি সম্পন্ন হলে ইংল্যান্ডের ফুটবলে জেসুসের দীর্ঘ অধ্যায়েরও ইতি ঘটবে।২০১৬ সালে ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার মাধ্যমে ইউরোপিয়ান ফুটবলে যাত্রা শুরু করেন জেসুস। সিটিতে থাকাকালে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বাদ পান তিনি। ২০২২ সালে সিটি ছেড়ে আর্সেনালে যোগ দেওয়ার পরও দলটির আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ব্রাজিলিয়ান।তবে সাম্প্রতিক সময়ে বারবার চোটে পড়ায় মাঠে নিয়মিত থাকার ছন্দ হারিয়েছেন জেসুস। দুই মৌসুম আগে গুরুতর চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। মাঠে ফিরলেও আর্সেনালের মূল একাদশে আগের মতো নিয়মিত জায়গা করে নিতে পারেননি তিনি।গত মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র তিন ম্যাচে শুরুর একাদশে ছিলেন জেসুস। আরও ১৩ ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এর মধ্যে আর্সেনাল সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেসকে দলে নেওয়ায় জেসুসের জন্য মূল একাদশে ফেরার সুযোগ আরও কমে যায়।এদিকে, গত সপ্তাহে আর্সেনালের প্রথম দলের অনুশীলনেও দেখা যায়নি জেসুসকে। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ মিকেল আর্তেতার বক্তব্যেও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত পাওয়া যায়।অন্যদিকে, বার্সেলোনা দীর্ঘদিন ধরেই আলভারেজকে দলে আনার চেষ্টা করছিল। আর্জেন্টাইন তারকারও কাতালান ক্লাবে যাওয়ার আগ্রহ ছিল বলে খবর পাওয়া যায়। তবে আতলেতিকো মাদ্রিদের অবস্থানের কারণে সেই দলবদল এখনো চূড়ান্ত হয়নি।আলভারেজকে না পেলেও আক্রমণভাগে নতুন বিকল্প হিসেবে জেসুসকে বেছে নিয়েছে বার্সেলোনা। দলবদল সম্পন্ন হলে প্রিমিয়ার লিগের অধ্যায় শেষ করে স্প্যানিশ লা লিগায় নতুন চ্যালেঞ্জ শুরু করবেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।