উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
আফ্রিকার দেশ কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনহার জন্য নিজেদের বহু বছরের পুরোনো নিয়ম শিথিল করতে বাধ্য হয়েছে চিলির শীর্ষ ফুটবল লিগ কর্তৃপক্ষ। এখন থেকে চিলির পেশাদার লিগে নিজের পারিবারিক নামের পরিবর্তে জনপ্রিয় ডাকনাম ‘ভোজিনহা’ পরেই মাঠে নামতে পারবেন এই অভিজ্ঞ ফুটবলার। চিলির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএনএফপি (ANFP) সর্বসম্মতিক্রমে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।চিলির ফুটবলে দীর্ঘদিন ধরে কঠোর নিয়ম ছিল যে, খেলোয়াড়দের জার্সিতে বাধ্যতামূলকভাবে তাদের পরিবারের পদবি বা সারনেম ব্যবহার করতে হবে। তবে কেপ ভার্দের হয়ে আন্তর্জাতিক ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স করা ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের মূল নাম 'জসিমার হোসে এভোরা দিয়াস' হলেও ক্রীড়াবিশ্বে তিনি কেবল ‘ভোজিনহা’ নামেই সমধিক পরিচিত। চিলির শীর্ষ কয়েকটি ক্লাব তাকে লিগে উড়িয়ে আনতে আগ্রহী হলে খেলোয়াড়টির ডাকনাম ব্যবহারের সুবিধার্থে নিয়মে পরিবর্তনের জন্য কর্তৃপক্ষের কাছে যৌথ আবেদন জানানো হয়। তাদের সেই অনুরোধের প্রেক্ষিতেই নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।এদিকে চিলির ফুটবলের অন্যতম সফল ক্লাব কোলো-কোলোতে ভোজিনহার যোগদান নিয়ে কিছুটা অব্যাহত রয়েছে। এক সপ্তাহ আগে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করলেও নির্ধারিত সময়ে চিলির রাজধানী সান্তিয়াগোতে এসে পৌঁছাননি এই অভিজ্ঞ গোলরক্ষক। প্রথমে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে সফর পিছিয়ে গেলেও পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণের পরও তিনি বিমানে ওঠেননি। ফলে তার চিলিতে আগমন ও ক্লাবে যোগ দেওয়া নিয়ে ফুটবল অঙ্গনে নানান প্রশ্নের সৃষ্টি হয়।তবে কোলো-কোলোর ফুটবল পরিচালক হাইমে পিসারো এই জটিলতায় বিচলিত নন। তিনি জানিয়েছেন, চুক্তি বাতিলের মতো কোনো ঘটনা ঘটেনি। মূলত ভোজিনহার এজেন্টের অনুরোধেই তাকে কিছু ব্যক্তিগত সমস্যা মেটানোর জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। অন্যদিকে ক্লাব সভাপতি আনিবাল মোসা জানান, আনুষ্ঠানিক চুক্তিপত্রে ভোজিনহার স্বাক্ষর এখনও বাকি রয়েছে। চিলির স্থানীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, জার্সিতে নিজের পছন্দের ডাকনাম ব্যবহারের সুযোগ নিশ্চিত করা ছিল কোলো-কোলোতে যোগ দেওয়ার ক্ষেত্রে ভোজিনহার অন্যতম প্রধান শর্ত।দলের প্রধান কোচ ফার্নান্দো ওরতিজ আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, ভোজিনহার সঙ্গে তার সরাসরি কথা হয়েছে এবং ক্লাব কর্তৃপক্ষ দ্রুতই একটি ইতিবাচক সমাধানের আশা করছে। আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ইএসপিএন তাদের এক প্রতিবেদনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। শেষ পর্যন্ত চিলির লিগ কর্তৃপক্ষের এই অভূতপূর্ব সিদ্ধান্তের ফলে ভোজিনহার চিলি যাত্রার পথ আরও সুগম হলো বলেই মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।