উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট গঠন করেছে সৌদি আরব। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার ঝুঁকি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামের এই জোট যৌথ সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ সুরক্ষায় কাজ করবে।লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগর আন্তর্জাতিক জ্বালানি ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। সাম্প্রতিক সময়ে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে এসব এলাকায় নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালিতে যেকোনো বিঘ্ন বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।রিয়াদে অনুষ্ঠিত জোট গঠনের বৈঠকে ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। শেষ পর্যন্ত সৌদি আরব, বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরাস—এই ১৪টি দেশ চুক্তিতে স্বাক্ষর করে।তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এ জোটে যোগ দেয়নি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জোটটির সদর দপ্তর সৌদি আরবে হবে এবং ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্যও এতে যোগ দেওয়ার সুযোগ থাকবে।চুক্তিতে বলা হয়েছে, এটি একটি প্রতিরক্ষামূলক জোট এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত নয়। সদস্য দেশগুলো গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক পরিকল্পনা এবং নিয়মিত নৌ মহড়ার মাধ্যমে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার করবে।সংশ্লিষ্ট দেশগুলোর মতে, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা একটি যৌথ দায়িত্ব। তাই আন্তঃরাষ্ট্রীয় নিরাপত্তা হুমকি মোকাবিলায় এ ধরনের বহুজাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সূত্র: আল জাজিরা