উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সংঘটিত মারামারির ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।সোমবার (২৭ জুলাই) সংঘটিত ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম-২-কে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন—ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. গোলাম ছাদিক, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আসাদুল হক, দর্শন বিভাগের অধ্যাপক মো. আরিফুল ইসলাম এবং ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক এ. নাঈম ফারুকী।বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ জানান, ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না এবং সংঘর্ষের প্রকৃত কারণ খুঁজে বের করতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তিনি বলেন, পুলিশ প্রশাসনের সহযোগিতায় তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, রাকসু ভবন এবং প্রক্টর দপ্তর—এই তিনটি স্থান পরিদর্শন করবে। এসব স্থানেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ উঠেছে।উপ-উপাচার্য আরও জানান, তদন্ত কমিটির মূল উদ্দেশ্য হলো ঘটনার উৎস, প্রকৃত কারণ এবং সংশ্লিষ্টদের ভূমিকা নির্ধারণ করা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্থাপনাগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সেটিও যাচাই করা হবে।মঙ্গলবার সকালে তদন্ত কমিটির সদস্যরা প্রাথমিক বৈঠক করেছেন। তবে এখনো কোনো ভিডিও ফুটেজ বা ছবি পর্যালোচনা করা হয়নি। সরেজমিন পরিদর্শন ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের পর তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. রেজাউল করিম-২ বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তারা ইতোমধ্যে সংশ্লিষ্ট স্থানগুলো পরিদর্শন শুরু করেছেন। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করা হবে।