উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ প্রকাশ করা একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি নিয়ে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিনি ৪০টিরও বেশি এআই-নির্মিত ছবি পোস্ট করেন, যেখানে টাইম ট্রাভেল, ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনসহ বিভিন্ন বিষয় উঠে আসে।প্রকাশিত ছবিগুলোর একটি ছিল কাল্পনিক সিনেমার পোস্টারের আদলে। এতে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনা মাউন্ট রাশমোরে দেশটির প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনকে রক্ষা করতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, “অতীত বদলে যাওয়ার মুখে ছিল... ইতিহাসকে রক্ষা করা হলো।”আরেকটি ছবিতে ‘কসমিক কমান্ডার’ শিরোনামে কল্পবিজ্ঞানধর্মী চলচ্চিত্রের পোস্টারের আদলে ট্রাম্পকে উপস্থাপন করা হয়। এতে ‘স্টার ট্রেক’-সদৃশ একটি প্রতীক ব্যবহার করা হয়েছে, যা অনেকের কাছে তার কল্পনানির্ভর রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।তবে ট্রাম্পের পোস্টগুলোর বড় একটি অংশজুড়ে ছিল ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার বিষয়। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি এআই ছবিতে মার্কিন যুদ্ধবিমানকে হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ তেল স্থাপনা খার্গ দ্বীপে হামলা চালাতে দেখা যায়।আরেকটি ছবিতে আকাশজুড়ে ট্রাম্পের বিশাল অবয়ব এবং নিচে উড়ন্ত যুদ্ধবিমানের দৃশ্য তুলে ধরা হয়। সেখানে ইরান হিসেবে চিহ্নিত একটি এলাকায় বিস্ফোরণের চিত্রও রয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা ছিল “Guardians of the World”। অন্য একটি ছবিতে ট্রাম্পকে সামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি নৌকার হাল ধরে থাকতে দেখা যায়। তার পরা টুপিতে লেখা ছিল ‘FAFO’, যা একটি ইংরেজি অশালীন সতর্কতামূলক বাক্যের সংক্ষিপ্ত রূপ।এদিকে, ট্রাম্প যখন এসব যুদ্ধকেন্দ্রিক ছবি প্রকাশ করছিলেন, একই দিনে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ফক্স নিউজকে জানান, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, কূটনৈতিক আলোচনার সুযোগ দিতে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা সময় নিতে চান।এআই-নির্মিত পোস্টগুলোতে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও ইঙ্গিত পাওয়া যায়। কয়েকটি ছবিতে ট্রাম্পকে সিগার হাতে দেখা যায় এবং তার টুপিতে লেখা ছিল ‘Trump 2028’। আরেকটি ছবিতে আকাশের দিকে তাকিয়ে থাকা মানুষের সামনে রাখা একটি বড় মগেও একই লেখা দেখা যায়।নিজের পুরোনো রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়েও এআই ছবির মাধ্যমে বার্তা দেন ট্রাম্প। কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে ‘বায়ু পরিশোধনকারী দেয়াল’-এর একটি কাল্পনিক ছবি পোস্ট করেন তিনি। বিশ্লেষকদের মতে, এটি ২০১৬ সালের নির্বাচনী প্রচারণায় আলোচিত সীমান্ত দেয়াল পরিকল্পনার একটি প্রতীকী রূপ।এ ছাড়া সিএনএনের উপস্থাপিকা কেইটলান কলিন্সকে নিয়েও একটি বিতর্কিত এআই ছবি প্রকাশ করেন ট্রাম্প। ছবিতে কলিন্সের মুখ ট্রান্সজেন্ডার ব্যক্তিত্ব ডিলান মালভানির শরীরে বসানো হয়। এর আগে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে দেওয়া ভাষণেও ট্রাম্প দুজনের সমালোচনা করেছিলেন।