উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ছাত্র আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। দায়িত্ব গ্রহণের পরই শিক্ষা ব্যবস্থা সংস্কার অব্যাহত রাখার এবং সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যম *হিন্দুস্তান টাইমস*-এর প্রতিবেদনে জানানো হয়েছে, দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জোশী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আস্থার মর্যাদা রক্ষা করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোশী বলেন, “কর্তব্যবোধ ও বিনয়ের সঙ্গে আমি এই দায়িত্ব গ্রহণ করছি। আমার ওপর আস্থা রাখায় আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।”তিনি বলেন, গত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার শিক্ষা খাতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, জাতীয় শিক্ষানীতি (এনইপি) বাস্তবায়নে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।জোশীর ভাষ্য, গত চার থেকে পাঁচ বছরে জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা খাতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সংস্কার হয়েছে। এসব উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।”এর আগে ছাত্র আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রহ্লাদ জোশীর হাতে অর্পণ করা হয়।বর্তমানে প্রহ্লাদ জোশী কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের মাধ্যমে এখন তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমও তদারকি করবেন।সূত্র: হিন্দুস্তান টাইমস