উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে কিছু মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আন্দোলনের আড়ালে কেউ কেউ ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করছে।বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের পেছনে কিছু মহল সক্রিয় রয়েছে। আন্দোলনকারীদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে।এইচএসসি পরীক্ষার্থীদের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা শিক্ষামন্ত্রী ও সরকারকে জানিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ও ইতোমধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাকে পরবর্তীতে পরীক্ষার সুযোগ দেওয়া হবে। পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে দুটি ভুলের বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই দুটি প্রশ্নের পূর্ণ নম্বর পরীক্ষার্থীদের দেওয়া হবে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পরবর্তী পরীক্ষায় কোনো শিক্ষার্থী অংশ নিতে না পারলেও তাকে পরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলাকালে পরীক্ষার সুযোগ দেওয়া হবে। তাঁর মতে, এভাবেই শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা হয়েছে।দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে আদালতের রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি।এ সময় জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা হচ্ছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।