উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যামের উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে ম্যাচের পর থেকেই নানা আলোচনা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই মুহূর্ত ঘিরে তৈরি হয়েছিল নানা জল্পনা। তবে এবার ঘটনার আসল কারণ ব্যাখ্যা করেছেন বেলিংহ্যাম।বুধবারের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইংল্যান্ড। ম্যাচের একপর্যায়ে মাঠের মাঝখানে মেসি ও বেলিংহ্যামকে তর্কে জড়াতে দেখা যায়।ম্যাচ শেষে বেলিংহ্যাম জানান, রেফারির একটি ফাউলের সিদ্ধান্তকে কেন্দ্র করেই তাদের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। এর পেছনে কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না।ইংলিশ তারকা বলেন, ‘আমরা আসলে একটি ফাউল নিয়ে তর্ক করছিলাম। সবাই হয়তো ঘটনাটিকে বড় করে দেখবে, কিন্তু সত্যি বলতে তেমন কিছুই হয়নি।’ঘটনাটি ব্যাখ্যা করে বেলিংহ্যাম জানান, মেসির মনে হয়েছিল ইংল্যান্ডের পক্ষে ফাউল দেওয়া উচিত ছিল। তখন মেসি পাল্টা জানতে চান, তাঁর ওপর হওয়া ফাউলের কী হবে। জবাবে বেলিংহ্যাম মজা করে বলেন, মেসি যথেষ্ট শক্তিশালী, তাই তিনি বিষয়টি সামলে নিতে পারবেন।মাঠে উত্তেজনা থাকলেও ম্যাচ শেষে মেসির প্রশংসা করতে ভোলেননি বেলিংহ্যাম। তিনি বলেন, ‘আমি হারা দলের একজন, তাই কষ্ট তো আছেই। তবে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য গর্বের।’সেমিফাইনাল থেকে বিদায়ের হতাশাও প্রকাশ করেন ইংল্যান্ডের এই তরুণ তারকা। তিনি বলেন, ‘এটা সত্যিই হৃদয়ভাঙা। আমি সেই ইংল্যান্ড দলের অংশ হতে চেয়েছিলাম, যারা ইতিহাস গড়বে। কিন্তু আবারও সমর্থকদের হতাশ করলাম। এর জন্য আমি দুঃখিত।’ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্পেন।