উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয় তুলে ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে গেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শনের কারণে শাস্তির মুখে পড়তে পারেন লিওনেল মেসি ও তাঁর সতীর্থরা।ম্যাচের ৮৫ মিনিটে মেসির পাস পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ।অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর আর্জেন্টাইন খেলোয়াড়রা দর্শকদের সামনে উল্লাসে মেতে ওঠেন। এ সময় তারা একটি ব্যানার প্রদর্শন করেন, যেখানে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবি তুলে ধরা হয়।ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জকে কেন্দ্র করেই দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। আর্জেন্টিনা এখনও দ্বীপগুলোর ওপর নিজেদের সার্বভৌমত্বের দাবি করে আসছে।তবে রাজনৈতিক বার্তাসমৃদ্ধ ব্যানার প্রদর্শন করায় এবার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা দল। ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, স্টেডিয়ামে রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক ব্যানার, পতাকা, লিফলেট, পোশাক বা অন্যান্য সামগ্রী প্রদর্শন নিষিদ্ধ।নিয়ম ভঙ্গ হলে সংশ্লিষ্ট খেলোয়াড়, দল বা জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই ধরনের বার্তাসমৃদ্ধ ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা।