উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীতে শনিবার গভীর রাত থেকে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। পরিস্থিতির কারণে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান অর্ধবার্ষিক ও অন্যান্য নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে।শনিবার সকাল সাড়ে ৬টার দিকে গ্রিনরোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুর ও বিজয়নগরসহ বিভিন্ন এলাকায় রাস্তায় জলাবদ্ধতা দেখা যায়। কোথাও হাঁটু, আবার কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় যান চলাচল ও মানুষের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়।ভারী বৃষ্টির কারণে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শেওড়াপাড়া শাখা-৩-এর সামনের প্রধান সড়ক এবং আশপাশের অলিগলি পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে অভিভাবকরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা স্থগিতের অনুরোধ জানান। পরে শাখাটির শনিবারের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।একই কারণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোড শাখায় নবম শ্রেণির অর্ধবার্ষিক, দশম শ্রেণির প্রাকনির্বাচনী এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে।এছাড়া গ্রিনরোডে অবস্থিত ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ও জলাবদ্ধতার কারণে অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করেছে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানান, শনিবার রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে ঢাকায় এ সময়ের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত।