উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।শনিবার (১১ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সুপারিশের ভিত্তিতে বন্যা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।স্থগিতাদেশের আওতায় রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ছাড়াও একই এলাকার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষাগুলো।তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরে থাকা অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে।