উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় খুব শিগগিরই জুলাই জাদুঘর আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।শুক্রবার সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, জুলাই জাদুঘর চালুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে জাতীয় সংসদেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাদুঘর উদ্বোধনের তারিখ ও অন্যান্য বিস্তারিত তথ্য জানানো হবে।তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই জাদুঘরের কমিটির কার্যক্রম কিছুটা বিশৃঙ্খল ছিল। তবে বর্তমান সরকার বিষয়টি পুনর্গঠন করে নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে নিচ্ছে।এ সময় বিগত সরকারের সমালোচনা করে নিতাই রায় চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ব্যাংক ও বীমা খাতেও ব্যাপক অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারে আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান সংস্কৃতিমন্ত্রী।পরিদর্শনকালে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।