উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার ম্যাচে প্রথমবারের মতো ব্যাকআপ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ব্যাকআপ ভিএআর) নিয়োগ দিয়েছে ফিফা। প্রযুক্তিগত কোনো সমস্যা দেখা দিলে ম্যাচ পরিচালনায় যেন বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যেই এ নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে।বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় বোস্টনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল।স্প্যানিশ সংবাদমাধ্যম 'মুন্ডো দেপোর্তিভো' জানিয়েছে, ফিফার ভিএআর প্রোটোকল অনুযায়ী ব্যাকআপ ভিএআরের দায়িত্ব পালন করবেন উরুগুয়ের রেফারি লিওদান গঞ্জালেস। তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে বিকল্প হিসেবে প্রস্তুত থাকবেন নিকারাগুয়ার তাতিয়ানা গুজম্যান।বর্তমানে বিশ্বকাপের সব ভিএআর কার্যক্রম যুক্তরাষ্ট্রের ডালাসে অবস্থিত ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টার (আইবিসি) থেকে পরিচালিত হচ্ছে। কোনো কারণে ওই কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে বা প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে ব্যাকআপ ভিএআর তাৎক্ষণিকভাবে দায়িত্ব গ্রহণ করে মাঠের রেফারিকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবেন।ফিফার নিয়ম অনুযায়ী, ভিএআর ব্যবস্থায় সমস্যা দেখা দিলেও ম্যাচ বন্ধ রাখা যাবে না। তবে আধুনিক ফুটবলে ভিএআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সম্ভাব্য প্রযুক্তিগত জটিলতা এড়াতে প্রথমবারের মতো এ বিকল্প ব্যবস্থা চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।এদিকে ম্যাচটির রেফারিং প্যানেলও আলোচনায় রয়েছে। মাঠের রেফারি, দুই সহকারী রেফারি এবং ভিএআরের দায়িত্বে থাকা কর্মকর্তারা সবাই আর্জেন্টিনার।ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাকুন্দো তেল্লো। তার সহকারী থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গাব্রিয়েল চাদে। ভিএআরের দায়িত্বে থাকবেন দারিও হেরেইরা ও ক্রিস্তিয়ান নাভারো। আর পুরো ভিএআর কার্যক্রম তদারকি করবেন হার্নান মাস্ত্রানজেলো।সূত্র:মুন্ডো দেপোর্তিভো