উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।বৃহস্পতিবার বোর্ডের জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।নির্দেশনা অনুযায়ী, সাধারণ কর্মদিবসে সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে এবং যথাযথ অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না।এ ছাড়া আলিম পরীক্ষা চলাকালে পরীক্ষার দিনগুলোতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সকাল সাড়ে ৮টার মধ্যে দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষা চলাকালে প্রতি শনিবার পরীক্ষা শাখা, আইসিটি সেল, কম্পিউটার শাখা, প্রশাসন এবং পরীক্ষা-সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে।আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও ছুটির দিনে কর্মস্থল ত্যাগের আগে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।অফিস আদেশে আরও বলা হয়েছে, বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা কিংবা নির্ধারিত সময়ের পরে অফিসে উপস্থিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।