উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে দেশজুড়ে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি অভিবাসন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সহজ করা হচ্ছে।বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।মন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বৈদেশিক শ্রমবাজার সুসংহত, সম্প্রসারণ ও সংরক্ষণের লক্ষ্যে দক্ষ জনশক্তি গড়ে তোলার কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে।তিনি বলেন, বর্তমানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫৫টি কর্মসংস্থানমুখী স্বল্প ও দীর্ঘমেয়াদি ট্রেড ও কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে এবং অভিবাসন ব্যয় ও দালালচক্রের প্রতারণা নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেতিনি জানান, বিদেশগামী কর্মীদের দ্রুত প্রেরণ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, প্রশিক্ষণার্থীদের ভর্তি, প্রশিক্ষণের মনিটরিং, সনদ প্রদান, বিদেশে শ্রমকল্যাণ উইংয়ের মাধ্যমে ডিমান্ড লেটার ও ভিসা সত্যায়ন এবং বহির্গমন ছাড়পত্র ইস্যুসহ পুরো অভিবাসন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বৈদেশিক কর্মসংস্থান প্ল্যাটফর্ম (ওইপি) চালু করা হয়েছে। এর ফলে অভিবাসন প্রক্রিয়ায় দালালদের প্রভাব কমেছে এবং সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।মন্ত্রী আরও বলেন, দালাল ও সাব-এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আনতে সরকার ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ) বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করেছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে অভিবাসন কার্যক্রম তদারকির জন্য জেলা ও উপজেলা পর্যায়ে যথাক্রমে জেলা অভিবাসন সমন্বয় কমিটি এবং উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।