উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
আর্জেন্টিনা ও মিসরের বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বাতিল হওয়া গোল নিয়ে চলা বিতর্কে মুখ খুলেছেন মেক্সিকান রেফারি ফার্নান্দো গুয়েরেরো। তার দাবি, ভিএআর প্রটোকলের ভুল প্রয়োগের কারণে মিসর অন্যায্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।মার্কার প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের শুরুতে মোহাম্মদ সালাহ গোল করে মিসরকে ২-০ ব্যবধানে এগিয়ে দিলেও রেফারি সেটি বাতিল করেন। এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন কাতার বিশ্বকাপে দায়িত্ব পালন করা অভিজ্ঞ রেফারি গুয়েরেরো।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আর্জেন্টিনার খেলোয়াড়ের ওপর কোনো ফাউল হয়নি। এমনকি ফাউল ধরা হলেও সেটিকে ভিএআরের মাধ্যমে ‘অ্যাটাকিং পজিশন ফেজ’ হিসেবে পুনর্বিবেচনা করার সুযোগ ছিল না।তার ব্যাখ্যায় বলা হয়, ওই সময় আর্জেন্টিনার ডিফেন্ডাররা নিজেদের অবস্থান পুনর্গঠন করেছিলেন এবং বলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার যথেষ্ট সুযোগ পেয়েছিলেন। গোল হওয়ার আগে আর্জেন্টিনা তিনবার বল দখলের সুযোগ পেলেও সফল হয়নি।গুয়েরেরোর মতে, ফিফার ভিএআর প্রটোকল অনুযায়ী কেবল ধারাবাহিক আক্রমণ চলমান থাকলে এবং রক্ষণভাগের দল বল পুনরুদ্ধারের সুযোগ না পেলে ভিএআর হস্তক্ষেপ করতে পারে। তাই মিসরের গোল বাতিলের সিদ্ধান্তটি প্রটোকলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।এই ঘটনার পর মিসরের খেলোয়াড় ও কোচিং স্টাফও প্রকাশ্যে সিদ্ধান্তের সমালোচনা করেন।উল্লেখ্য, ফার্নান্দো গুয়েরেরো ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে সহকারী ভিএআর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার এই মন্তব্যের পর বিশ্বকাপে ভিএআর ব্যবহারের নির্ভুলতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সূত্র: মার্কা