উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে ফরাসিদের জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে করা একমাত্র গোলেই দলের শেষ আট নিশ্চিত করেন তিনি।তীব্র গরমের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ছিল এবারের বিশ্বকাপের অন্যতম কঠিন লড়াই। শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় ফ্রান্স। তবে প্যারাগুয়ের সংগঠিত রক্ষণভাগের সামনে বারবার আটকে যায় দিদিয়ের দেশমের শিষ্যরা।ম্যাচের মোড় ঘুরে যায় দ্বিতীয়ার্ধে। বদলি হিসেবে মাঠে নেমে দারুণ প্রভাব রাখেন দেজিরে দুয়ে। বক্সের ভেতরে ড্রিবল করে ঢোকার সময় ফাউলের শিকার হলে প্রথমে খেলা চালিয়ে যেতে দেন রেফারি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়।৭০তম মিনিটে স্পট-কিক থেকে নিখুঁত শটে গোল করেন এমবাপ্পে। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে সহজেই বল জালে জড়ান ফরাসি অধিনায়ক। চলতি বিশ্বকাপে এটি তার সপ্তম গোল।গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে প্যারাগুয়ে। শেষদিকে একাধিক আক্রমণ চালালেও ফ্রান্সের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। নির্ধারিত সময় শেষে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।ম্যাচ শেষে দুই দলের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনাও দেখা যায়। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।এই জয়ের ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। শেষ আটে তাদের প্রতিপক্ষ মরক্কো। আগামী শুক্রবার রাত ২টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।