উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে টিকটকে করা একটি মন্তব্য (কমেন্ট) কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার রতডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রতডাঙ্গা গ্রামের মল্লিক পাড়ার বাসিন্দা মন্নু মোল্লার ছেলে আশরাফুল এবং উত্তর পাড়ার কবির ফকিরের ছেলে মিজানের মধ্যে বেশ কিছুদিন ধরে টিকটকে মন্তব্য করা নিয়ে বিরোধ চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমের সেই বিরোধ একপর্যায়ে বাস্তব সংঘর্ষে রূপ নেয়।ঘটনার দিন দুজনের মধ্যে কথাকাটাকাটির পর হাতাহাতি শুরু হয়। পরে দুই পক্ষের স্বজন ও স্থানীয়রা এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।স্থানীয়দের দাবি, একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা, রামদা ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।সংঘর্ষের পর এলাকায় নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু জানান, টিকটকের কমেন্টকে কেন্দ্র করে দুই যুবকের ব্যক্তিগত বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।