উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে আজ (শনিবার, ৪ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জাতীয় স্মরণসভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ জুলাই) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করেছে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, আহত আন্দোলনকারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের কথা রয়েছে। আয়োজকদের মতে, স্মরণসভার মূল উদ্দেশ্য হলো জুলাই অভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের পরিবারের পাশে সংহতি প্রকাশ করা এবং গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। ৯ দিনের কর্মসূচি জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল ইতোমধ্যে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন স্মরণসভা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কর্মসূচি পালনের মধ্য দিয়ে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে। জানা গেছে, ওই ছাত্র সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আয়োজকদের আশা, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং শহীদদের আত্মত্যাগের প্রতি জাতীয় শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এসব কর্মসূচি গণতান্ত্রিক চেতনা ও নাগরিক সচেতনতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।