উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
উত্তর ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৯৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২,৪০০ জন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, হতাহতদের তথ্য বিস্তারিত যাচাই-বাছাই ও ক্রস-চেক করার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সরকার যথাযথ প্রমাণ ছাড়া কোনো সংখ্যা প্রকাশ করতে চায় না। এছাড়া পরিচয় নিশ্চিত হওয়ার পর আগে মৃত বলে ধারণা করা পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় যথাক্রমে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠন ও পুনর্বাসনের জন্য ইতোমধ্যে তহবিল সংগ্রহ শুরু হয়েছে। এ লক্ষ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে।সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১২ হাজার ৮০০ মানুষ গৃহহীন হয়েছেন। তবে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১৬ হাজার।পুনর্নির্মাণ কার্যক্রমের জন্য সরকার প্রাথমিকভাবে ২০ কোটি ডলার বরাদ্দ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা গ্রহণের জন্য ‘সিএএফ-ডেভেলপমেন্ট ব্যাংক অব ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান’-এ একটি বিশেষ অ্যাকাউন্ট খোলা হয়েছে।এদিকে ক্ষতিগ্রস্ত ভবনের অবস্থা মূল্যায়ন ও অবকাঠামো পুনরুদ্ধারে সহায়তা দিতে ইসরায়েলি বিশেষজ্ঞদের একটি দল ইতোমধ্যে ভেনেজুয়েলায় পৌঁছেছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রাথমিক মূল্যায়নে জানিয়েছে, ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অবকাঠামো মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৭০ কোটি ডলারে পৌঁছাতে পারে।সূত্র: আনাদোলু