উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
টাঙ্গাইলে পরিবারের সদস্যদের ফেলে যাওয়া এক অসহায় বৃদ্ধকে উদ্ধার করে তার চিকিৎসা, থাকা-খাওয়া ও অন্যান্য দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার বল্লা ইউনিয়নের বইল্লা এলাকার একটি সেতুর পাশে কান্নারত অবস্থায় উদ্ধার হন বৃদ্ধ মফিজ উদ্দিন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রতিমন্ত্রী বিষয়টি জানতে পারেন।জানা যায়, এনায়েতপুর গ্রামের বাসিন্দা মফিজ উদ্দিন তিন ছেলে ও তিন মেয়ের জনক। প্রায় আট বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর তিনি বড় ছেলের বাড়িতে বসবাস করতেন। বয়সজনিত দুর্বলতা ও দৃষ্টিশক্তি হারানোর কারণে তিনি অন্যের সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন।স্থানীয়দের অভিযোগ, পরিবারের সদস্যরা তাকে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রাস্তার পাশে রেখে চলে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পরিচয় শনাক্ত করেন।ঘটনার খবর পেয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধকে উদ্ধার করে তার ছোট মেয়ে রিনা বেগমের জিম্মায় হস্তান্তর করে।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে বৃদ্ধের এক নাতনিকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার স্বামী পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।প্রতিমন্ত্রী জানান, বৃদ্ধের চিকিৎসা, খাবার, বাসস্থান ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন। পাশাপাশি তার জন্য বৃদ্ধ ভাতার ব্যবস্থা করতেও উদ্যোগ নেওয়া হয়েছে।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “একজন অসহায় বৃদ্ধকে এভাবে রাস্তায় ফেলে যাওয়া অত্যন্ত অমানবিক। বাবা-মা আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ। তাদের অবহেলা করার কোনো সুযোগ নেই। যতদিন প্রয়োজন, তার সব ধরনের দায়িত্ব আমি নেব।”অন্যদিকে, প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলার পর ছোট মেয়ে রিনা বেগম বাবার দেখাশোনার দায়িত্ব নিতে সম্মতি জানিয়েছেন।