উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া। ম্যাচ শেষে রেফারিং ও ভিএআরের সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দলটির প্রধান কোচ জ্লাতকো দালিচ।টরোন্টোতে অনুষ্ঠিত ম্যাচে ৫৩তম মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে জয় নিশ্চিত করে পর্তুগাল।ম্যাচের শেষ মুহূর্তে ইওস্কো গাভার্দিওল বল জালে পাঠালেও ভিএআরের পর্যালোচনায় অফসাইডের সিদ্ধান্ত আসে এবং গোলটি বাতিল করা হয়। এই সিদ্ধান্ত নিয়েই ক্ষোভ প্রকাশ করেন দালিচ।ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজকের রেফারিং খুবই বাজে ছিল। আমার মনে হয়েছে, আমরা আরও কয়েকটি ফ্রি-কিক পাওয়ার যোগ্য ছিলাম। তবে কোনো অজুহাত দিতে চাই না। এই ম্যাচ আমরা আরও আগেই জিতে নিতে পারতাম।”ভিএআরের সমালোচনা করে দালিচ বলেন, “ফুটবল থেকে আবেগ যেন হারিয়ে যাচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত খেলাটার স্বাভাবিক সৌন্দর্য ও আনন্দকে নষ্ট করছে। ভিএআর অনেক সময় সাহায্য করলেও মাঠের সেই মুহূর্তের অনুভূতি পুরোপুরি মুছে দেয়।”ক্রোয়েশিয়ার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই কোচ বলেন, “আমি মোটেও শঙ্কিত নই। আমাদের অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড় উঠে আসছে। আজকের ম্যাচেও তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এখন আমাদের নতুন এক অধ্যায়ের জন্য প্রস্তুত হতে হবে।”নিজের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন দালিচ। তিনি বলেন, “পরবর্তী বিশ্বকাপে আমি থাকব কি না, তা সময়ই বলে দেবে। দেশে ফিরে এ বিষয়ে আলোচনা হবে।”এটি ছিল ৪০ বছর বয়সী অধিনায়ক লুকা মদরিচের শেষ বিশ্বকাপ ম্যাচ। দীর্ঘদিনের সতীর্থকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে দালিচ বলেন, “সম্ভবত এটাই মদরিচের শেষ বিশ্বকাপ। এমনভাবে তার যাত্রা শেষ হওয়ায় খুব খারাপ লাগছে। ক্রোয়েশিয়ান ফুটবলের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল।”২০১৮ বিশ্বকাপের রানার্সআপ এবং ২০২২ বিশ্বকাপের তৃতীয় স্থান অধিকারী ক্রোয়েশিয়াকে এবার রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিতে হলো।