উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
২০২৭ সালে পবিত্র হজ পালন করতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।মন্ত্রণালয় জানায়, সৌদি আরব সরকারের নির্ধারিত হজের সময়সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাই আগ্রহী হজযাত্রীদের দ্রুত প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজের সময়সূচি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে আনুষ্ঠানিকভাবে হজের সময়সূচি তুলে দেন।ঘোষিত সূচি অনুযায়ী, ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হবে। এরপর ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজের ভিসা প্রদান শুরু হবে।হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইট পরিচালনার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ এপ্রিল ২০২৭। আর চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে ২০২৭ পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সময়মতো নিবন্ধন সম্পন্ন করতে পারলে হজের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা আরও সহজ হবে। তাই নির্ধারিত সময়ের আগেই প্রাক-নিবন্ধন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।