উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
সারা দেশে আজ (বৃহস্পতিবার) শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার প্রথমবারের মতো পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশের বডি ওর্ন (Body-Worn) ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। সিসিটিভি নজরদারির পাশাপাশি এই প্রযুক্তি যুক্ত হওয়ায় পরীক্ষা ব্যবস্থাপনায় এসেছে নতুন মাত্রা।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে, যেখানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।পরীক্ষার প্রথম দিন রাজধানীর উত্তরা রাজউক মডেল কলেজ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করতে দেখা যায়। একই সঙ্গে কেন্দ্রের বাইরে মাইকিং করে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা ও নিয়মাবলি জানানো হয়।পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো, নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক পরিস্থিতি রেকর্ড করতেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যানজটের বিষয়টি বিবেচনায় রেখে এবার সকাল সাড়ে ৮টা থেকেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে।এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় পরীক্ষাকেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে এই প্রযুক্তির সফল ব্যবহার ইতিবাচক অভিজ্ঞতা দিয়েছে। এতে দায়িত্ব পালনকারীদের পাশাপাশি অপরাধপ্রবণ ব্যক্তিদের মধ্যেও সতর্কতা তৈরি হয়।শিক্ষা উপদেষ্টা আ ন ম এহছানুল হক মিলন পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের ফলে পরীক্ষাকেন্দ্রের ভেতরে ও বাইরে দায়িত্ব পালনকারী সবাই আরও দায়িত্বশীল ও সতর্ক থাকবেন।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এসএসসি পরীক্ষায় সিসিটিভি নজরদারি চালুর পর নকলের ঘটনা প্রায় ৭৮ শতাংশ কমে যায়। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার সিসিটিভির পাশাপাশি বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে, যাতে পরীক্ষা আরও স্বচ্ছ, নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন শিক্ষার্থী ১ হাজার ৬২৬টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।