উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও এসেছে পরিবর্তন। বুধবার (১ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্ট পরিধান করে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা।সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর চালু হওয়া লোহা-ধূসর ও কফি-বাদামি রঙের ইউনিফর্মের পরিবর্তে আবারও পুরোনো ধাঁচের রঙে ফিরেছে পুলিশ।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ-কে।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম পরা শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে এখনও সব সদস্যের কাছে নতুন পোশাক পৌঁছেনি। পর্যায়ক্রমে সবার কাছে নতুন ইউনিফর্ম সরবরাহ করা হবে।কেন আবার বদলালো পুলিশের পোশাক?জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশে সংস্কারের অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি মাসে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় লোহা-ধূসর শার্ট ও কফি-বাদামি রঙের প্যান্ট অনুমোদন করা হয়। একই বছরের ২৫ নভেম্বর সেই নতুন ইউনিফর্ম পরে মাঠে নামেন পুলিশ সদস্যরা।তবে ওই ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক পুলিশ সদস্য রঙ ও নকশা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।পরবর্তীতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশের পোশাক পুনর্বিবেচনা করা হয়। গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে গাঢ় নীল, হালকা জলপাই ও খাকি রঙের সমন্বয়ে নতুন ইউনিফর্ম অনুমোদন দেয়।নতুন ইউনিফর্মে কী কী পরিবর্তন?নতুন প্রজ্ঞাপন অনুযায়ী— জেলা পুলিশ এবং অধিকাংশ ইউনিটে গাঢ় নীল শার্ট ও খাকি ট্রাউজার ব্যবহার করা হবে। ঢাকা মহানগর পুলিশসহ নির্ধারিত কিছু ইউনিটে হালকা জলপাই রঙের শার্ট থাকবে। শার্টে চারটি পকেট এবং সামনে সাতটি বোতাম থাকবে। গ্রীষ্মকালে অর্ধহাতা ও শীতকালে পূর্ণহাতা শার্ট পরিধান করা হবে। গাঢ় নীল রঙের জার্সি, কার্ডিগান, পুলওভার ও জ্যাকেট ব্যবহারের বিধান রাখা হয়েছে। নারী পুলিশ সদস্যদের জন্য নতুন বিধান প্রজ্ঞাপনে নারী পুলিশ সদস্যদের ইউনিফর্ম সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। তারা চাইলে গাঢ় নীল শাড়ি পরতে পারবেন। মহানগর পুলিশের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। এছাড়া অনুমোদিত গাঢ় নীল মাথার আবরণ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন এবং গর্ভাবস্থায় প্রয়োজন অনুযায়ী পূর্বানুমোদন সাপেক্ষে সাধারণ পোশাক ব্যবহারের সুযোগ থাকবে।