উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তান দাবি করেছে, আফগানিস্তান থেকে ছোড়া চারটি ড্রোন তারা ভূপাতিত করেছে। অন্যদিকে আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তানের অভ্যন্তরে কথিত আইএস (দায়েশ) ঘাঁটিতে সফল বিমান হামলা চালানো হয়েছে।বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশের আকাশসীমায় প্রবেশ করা আফগান নিরাপত্তা বাহিনীর পাঠানো চারটি সাধারণ ধরনের ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে।পাকিস্তানের দাবি, আফগান ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার অংশ হিসেবেই এসব ড্রোন পাঠানো হয়েছিল। একই সঙ্গে ইসলামাবাদ সতর্ক করে বলেছে, আফগান তালেবান যদি পাকিস্তানের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখে, তবে তার কঠোর জবাব দেওয়া হবে এবং এর মূল্য তাদের দিতে হবে।অন্যদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমুখপাত্র সিদ্দিকুল্লাহ নুসরাত দাবি করেছেন, আফগান বিমান বাহিনী পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে কথিত দায়েশের ঘাঁটিতে নির্ভুল বিমান হামলা চালিয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, হামলাগুলো অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত হয়েছে। এতে জঙ্গি সংগঠনটির ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি।তবে পাকিস্তান এখন পর্যন্ত আফগানিস্তানের এই বিমান হামলার দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।সম্প্রতি করাচিতে একটি নিরাপত্তা স্থাপনায় জঙ্গি হামলার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে কথিত সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালায়। এরপর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।উল্লেখ্য, ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে বিভিন্ন জঙ্গিগোষ্ঠী পাকিস্তানে হামলা চালায়। তবে কাবুল বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। ফলে দুই দেশের পাল্টাপাল্টি দাবি ও সামরিক পদক্ষেপ সীমান্ত পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।