উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে ভয়াবহ সশস্ত্র হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী। এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। হামলার পর ৩৭ শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার (২৯ জুন) বোর্নো রাজ্যের লাসা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালায় ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)-এর সশস্ত্র সদস্যরা। হামলার সময় বিদ্যালয়ে পরীক্ষা চলছিল।নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, হামলায় এক সেনাসদস্য, এক শিক্ষকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ সময় জঙ্গিরা বহু শিক্ষার্থী ও শিক্ষককে জিম্মি করে নিয়ে যায়।বোর্নো রাজ্যের শিক্ষামন্ত্রী লাওয়ান আব্বা ওয়াকিলবে জানান, এখনও ২৫ জন ছাত্রী, ১১ জন ছাত্র এবং একজন শিক্ষক সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক রয়েছেন। তবে স্কুলের উপাধ্যক্ষসহ আটজনকে উদ্ধার বা মুক্ত করা হয়েছে।স্থানীয় সরকার কাউন্সিলর ইজাগলা ইজাবিলা নিখোঁজ শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করেছেন। একটি গোয়েন্দা সূত্রও একই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।বোর্নো রাজ্যের লাসা এলাকা দীর্ঘদিন ধরেই বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর তৎপরতায় অস্থির। নিরাপত্তা বাহিনী নিখোঁজদের উদ্ধারে অভিযান চালালেও এখন পর্যন্ত অধিকাংশের কোনো খোঁজ পাওয়া যায়নি।বিশ্লেষকদের মতে, নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও শিক্ষার্থীদের অপহরণ সশস্ত্র গোষ্ঠীগুলোর অন্যতম কৌশলে পরিণত হয়েছে। অতীতেও এ ধরনের একাধিক ঘটনায় শত শত শিক্ষার্থীকে জিম্মি করার নজির রয়েছে।