উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মো. সাগর (৩২) উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত ১২ জুন রায়পুর শহরের নুরুল ইসলাম মুন্সী সড়কে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা নুরুল আমিন (৪৫) সাগরকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।নিহতের ভায়রা মো. রাজনের দাবি, অভিযুক্ত নুরুল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছেন। ঘটনার দিন এক ব্যক্তি তাঁর কাছ থেকে মাদক কিনতে এলে সাগর বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নুরুল আমিন ছুরি দিয়ে সাগরের বুকে আঘাত করেন।রাজন জানান, চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ছুরির আঘাতে সাগরের লিভার ও ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, ছুরিকাঘাতের ঘটনার দিনই গাঁজাসহ নুরুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। জামিনে মুক্ত হওয়ার পর ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় গত সোমবার তাঁকে আবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারেই রয়েছেন।তবে মাদক বিক্রির অভিযোগটি নিহতের পরিবারের দাবি। এ বিষয়ে আদালতের কোনো চূড়ান্ত রায় হয়নি।